সর্বশেষ সংবাদ :

আশা বাঁচিয়ে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ম্যাকাই টেস্টের প্রথম দিনটা যেন দুই দলের বোলারদের দাপটের গল্প। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে মিচেল স্টার্ক যে তাণ্ডব শুরু করেছিলেন, তাতে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরানোর পর একে একে আরও পাঁচ ব্যাটসম্যানকে শিকার করেন স্টার্ক। ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট। বাংলাদেশের ব্যাটিং ধসের পুরো ছবিটাই যেন উঠে এসেছে স্টার্কের বোলিংয়ে।
১২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ৬৪ পর্যন্ত যেতে পেরেছে মূলত নিচের সারির ব্যাটসম্যানদের চেষ্টায়। শেষ উইকেট জুটিতে তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম যোগ করেন ২৫ রান, যা ইনিংসের সর্বোচ্চ জুটি। শরীফুল ১৪ রান করে হন দলের সর্বোচ্চ রানসংগ্রাহক, তাইজুল অপরাজিত থাকেন ১১ রানে। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই শূন্য রানে ফেরেন! টেস্টে প্রথমবার এমন ঘটনা দেখল বাংলাদেশ।
তবে ৬৪ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে বল হাতে বাংলাদেশ যেভাবে ফিরেছে, সেটিই দিনের শেষের বড় গল্প। অস্ট্রেলিয়ার শুরুটাও হয়েছে দ্রুতগতিতে, কিন্তু মাঝপথে এসে শরীফুলের বোলিংয়ে ম্যাচের চিত্র বদলে যায়। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে একই ওভারে ফেরানোর পর স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সকেও শিকার করেন বাঁহাতি এই পেসার। ৬ উইকেটে ৩১ রানের অসাধারণ স্পেল শেষ করেছেন শরীফুল।
একপর্যায়ে ৬ উইকেটে ১৪৫ রান করা অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত দিন শেষ হয়েছে ৮ উইকেটে ১৬৫ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১০১ রান। ক্যামেরন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫১ রানে অপরাজিত, সঙ্গে নাথান লায়ন ১০ রানে অপরাজিত আছেন। হাতে মাত্র দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে প্রথম দিনে পড়েছে ১৮ উইকেট। দুই দলের দুই বাঁহাতি পেসার স্টার্ক ও শরীফুলই নিয়েছেন এর ১২টি। ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে ১০১ রানের মধ্যে আটকে রাখা তাই বাংলাদেশের জন্য একেবারে কম স্বস্তির নয়। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত গ্রিন-লায়ন জুটি ভেঙে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে পারলে, এই অদ্ভুত ওঠানামার ম্যাচে বাংলাদেশ আবারও নতুন করে লড়াইয়ের দরজা খুলে দিতে পারবে।
শরীফুলের ঝড়ে অস্ট্রেলিয়ার
৮ উইকেট উধাও
স্পোর্টস ডেস্ক: দারুণ এক আউটসুইংয়ে বোল্ড করেন মিচেল স্টার্ককে। এর আগে একই ওভারে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধাক্কা দিয়েছেন শরীফুল ইসলাম। প্রথমে বো ওয়েবস্টারকে এলবিডব্লু করার পর তাঁর বাউন্সারে তালগোল পাকিয়ে ক্যাচ তুলে দেন অধিনায়ক প্যাট কামিন্স। ৬ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল তখন ৩২ ওভারে ১৪৭/৭, লিড ৮৩।
মেহেদী হাসান মিরাজের বলে অনেক উঁচুতে উঠে যাওয়া ক্যাচ নিয়েছেন মাহমুদ হাসান। ফিরেতে হচ্ছে অ্যালেক্স ক্যারিকে। মাত্র ৮ বলে ৫ রান করে থামেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্যারি ফেরায় অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১৪৫ রানে ৫ উইকেট। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ১০৮ রানের জুটি অস্ট্রেলিয়াকে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিল। সেই জুটি ভাঙেন শরীফুল ইসলাম। তাঁর বলে এলবিডব্লু হন স্মিথ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, কারণ বল-ট্র্যাকিংয়ে ইমপ্যাক্ট ও হিটিং, দুটিই ছিল আম্পায়ার্স কল। ৭৪ বলে ৪২ রান করে ফেরেন স্মিথ।
ম্যাকাইয়ে বাংলাদেশের ৬৪ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে ম্যাট রেনশকে হারানোর পর ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন মিলে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলামকে আক্রমণে আনতেই বদলে যায় দৃশ্যপট।
বাঁহাতি পেসারের ভেতরে ঢোকা বলে হেডের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়। ডারউইনেও দুই ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছিলেন হেড; ম্যাকাইয়ে আবারও একই রকম আউট। একই ওভারে শরীফুল ফিরিয়ে দেন লাবুশেনকেও। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৩৫ রান।
মিচেল স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও শুরুটা ভালো করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ওপেনার ম্যাট রেনশকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। ডারউইনে দুর্দান্ত জয়ের পর ম্যাকাইয়ে ব্যাটিংয়ে ভয়াবহ ধসের ধাক্কা সামলে বল হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ।


প্রকাশিত: August 23, 2026 | সময়: 5:31 am | সুমন শেখ