, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে আব্দুর রাজ্জাক ব্যাপারী (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার শ্রীরামপুর আইড়মারী-জোনাইল আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত সাকিমুদ্দিন মিয়ার ছেলে।
ইউপি সদস্য সাহাবুল ইসলাম জানান, তারা চাটমোহরের হান্ডিয়াল হাট থেকে গরু কিনে একটি শ্যালো ইঞ্জিল চালিত ভটভটিতে করে বাড়িতে ফিরছিলেন। পথে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় এলাকায় রাস্তার অংশ বিশেষসহ কড়ই গাছ উপড়ে পড়ে সৃষ্ট হওয়া গর্তে চাকা পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আব্দুর রাজ্জাক ব্যাপারী ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।