, , ।
স্টাফ রিপোর্টার: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে। প্রধানমন্ত্রী চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধ করতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, সেটিই বড় বিষয়।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়ে জামায়াত আমীর বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী সম্মেলনে সভাপতিত্ব করেন। সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।