বাগমারায় কোটি টাকা আত্মসাত মামলায় স্বচ্ছতা এনজিওর পরিচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী জেলার বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় এলাকায় ‘স্বচ্ছতা রাজশাহী লিঃ’ নামে পরিচালিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আত্মগোপনে থাকা প্রতিষ্ঠানটির পরিচালক মইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক মাইনুল ইসলাম বিভিন্ন প্রলোভন ও আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে বাগমারা থানা এলাকার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় কোটি টাকার বেশি অর্থ গ্রহণ করে। পরবর্তীতে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়ে সংশ্লিষ্টরা আত্মগোপনে চলে যায়। এতে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভুক্তভোগী কেএম আব্দুর রহিম ও অহিদুল ইসলাম পৃথকভাবে বাগমারা থানায় মামলা দায়ের করেন। মামলায় ‘স্বচ্ছতা রাজশাহী লিমিটেড’-এর পরিচালক ময়নুল ইসলাম (৩৬)সহ ৪ জনকে আসামি করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামি ময়নুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কেএম আব্দুর রহিম উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে সর্বমোট ২৮ লক্ষ টাকা এবং তার ভাইরা ওয়াছেক আলী বিল্লাহ (৫০) সর্বমোট ৬৫ লাখ ৫০ হাজার টাকা জমা প্রদান করেন।
এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাগমারা থানা এলাকার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া পৃথক একটি প্রতারণা মামলায় শিমুল (৩৫) আরো এক প্রতারককে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শিমুলের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে চাকরি ও বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: August 22, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ

আরও খবর