সর্বশেষ সংবাদ :

বাঘা পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা পেলেন শাহিনুর রহমান পিন্টু

স্টাফ রিপোর্টার,বাঘা: আগামি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে এবার দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন বাঘা পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু। এ তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এপিএস সিরাজুল ইসলাম ও বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত ২৫ নভেম্বর বিকেলে প্রার্থীদের নামের তালিকা সংগ্রহে উপজেলার আড়ানীতে চারঘাট-বাঘার সাংসদ, বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজে উপস্থিত থেকে তাঁর বাড়ির সামনে একটি বিশেষ বর্ধিত সভা করেন। এ সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার।
উক্ত সভায় যারা দলীয় মনোনয়ন চান তারা হলেন, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু। বাঘা পৌর সভার চলমান প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা। এ সকল প্রার্থীদের নামের তালিকা পঠানো হয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে মনোনয়ন প্রত্যাশীরা ওয়াদা করেন দল যাকে দলীয় মনোনয়ন দিবেন, সকলেই সেটা মেনে নিয়ে নৌকার পক্ষে ভোট করবেন।
তবে অনেক প্রতিক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাতে দলীয় মনোনয়ন পেয়েছেন শাহিনুর রহমান পিন্টু। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-সহ মনোনয়ন বাছাই কমিটির সিদ্ধান্তে এই প্রার্থী সিলেকশান করা হয়।
এদিকে শাহিনুর রহমান পিন্টু দলীয় মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান।
এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষে কাজ করব। আমার বিশ্বাস, আ’লীগ দলীয় নেতা-কর্মীরা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে যদি সবাই একত্রিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে এখানে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হবে।


প্রকাশিত: November 28, 2022 | সময়: 5:32 am | সুমন শেখ

আরও খবর