নগরীতে বিভিন্ন দাবিতে বিভাগীয় ফারিয়ার এমপিও সমাবেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগ ফারিয়ার উদ্যোগে মহানগর ও জেলা ফারিয়ার আয়োজনে রাজশাহী মেডিকেলের সামনে এমপিও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্রিপশন এর ছবি তোলা বন্ধ, চারপি সার্ভে বন্ধ, বর্তমান বাজারমূল্যের সাথে সমন্বয় রেখে সামঞ্জস্যপূর্ন বেতন, টিএ/ডিএ বৃদ্ধি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের জন্য চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস নয়ন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ ফারিয়ার সভাপতি খাইরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া’র স্থায়ী পরিষদ সদস্য আব্দুল্লাহেল বাকী, জামিউল হক সোহেল, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম রতন, প্যানেল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, সিনিয়র সহ সভাপতি নাজমুস সাকিব, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন ও রাজশাহী জেলা ফারিয়ার সিনিঃ সহ সভাপতি আবু মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশ। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, তাদের পেশাগত মর্যাদা ও তাদের ন্যায্য অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। তারা স্পষ্ট করে বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।
তাদের কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ, বর্তমান বাজারমূল্যের সাথে সমন্বয় রেখে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নির্মাণ ও টিএ/ডিএ বৃদ্ধি করতে হবে। ঔষধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট ৮ ঘন্টা কর্মদিবস নিশ্চিত করতে হবে, অতিরিক্ত সময় কাজ করালে শ্রম আইন অনুযায়ী ওভার টাইম দিতে হবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে প্রেসক্রিপশন সার্ভে বন্ধ করতে হবে, তাদের দিয়ে ক্রেডিট কালেকশন বন্ধ করতে হবে ও প্রত্যেক কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি চালু করতে হবে এবং প্রত্যেক প্রতিনিধির জন্য নিজ নিজ কোম্পানি থেকে লাইফ ইন্সুইরেন্স করে দিতে হবে।
এছাড়া ইনসেন্টিভ এর ক্ষেত্রে সকল প্যারামিটার বাতিল করে যার যার প্রাপ্য ইনসেন্টিভ তাকে বুঝিয়ে দিতে হবে। সাপ্তাহিক ছুটি ও সকল সরকারী ছুটি দিতে হবে, মোটর সাইকেল বাবদ প্রতিনিধির স্যালারী থেকে কোন টাকা কর্তন করা যাবেনা। সর্বোপরি ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের জন্য এমপ্লয়ী বান্ধব নীতিমালা তৈরি করে দিতে হবে।
কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের উপদেষ্টামণ্ডলী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। বক্তারা অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, অধিকার আদায়ের এই লড়াইয়ে তারা পিছু হটবেন না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার আরিফুল ইসলাম রতন। সমাবেশে সহস্রাধীন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 21, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ