, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককেও (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে প্রত্যাহার করা চার কর্মকর্তার স্থলে মঙ্গলবার রাতে নতুন কাউকে পদায়ন করা হয়নি। তাঁদের প্রত্যাহারের কারণ সম্পর্কেও প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।