সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি তুলে ধরেন। আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও ভূমি দখল বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।
সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে জেরার গোদাগাড়ীর কাঁকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি। সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা ও পথসভা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আদিবাসীদের নৃতাত্ত্বিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রক্ষাগোলা সমন্বয় কমিটি: গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আর্ন্তজাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়। আদিবাসী সামাজিক নেতৃবৃন্দসহ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি আরম্ভ হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্রসহ জাকজমকপূর্ণ শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা বিউটি তির্কী, সিষ্টি টুডু, ইথার আরিফ এবং পদ্মা টাইমসের সাংবাদিক আব্দুল বাতেন। আলোচনায় বক্তারা নৃতাত্ত্বিক অধিকার ও অধিকার আদায়ে ঐক্য তৈরীর কথা ব্যক্ত করেন।
দিবস উদযাপনের কার্যক্রমে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প সমন্বয়কারী শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলি মুর্মু, পৌল টুডু, যোশেফ হাঁসদা ও সমাজ সংগঠকবৃন্দ।
পোরশা: ২নং তেতুলিয়া ইউনিয়ান পরিষদ থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে সমাপ্ত হয়। নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, সভাপতিত্ব করেন চেয়ারম্যান শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেকস/ইপারের এডভাইজার এডুকেশন এ্যান্ড চাইল্ড প্রটেকশন শাহ্ আলম, ৫নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার অ্যাডভোকেসি আনোয়ার হোসেন, ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের সিডিও আমজাদ হোসেনসহ এলাকার আদবাসীরা।
বদলগাছী: ‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো, জীবন ও সুস্থতা রক্ষা করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আলোচনা সভায় বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠনের সহ-সভাপতি আকাশ পাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় তাদের জন্য পৃথক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে। এ বিষয়ে খুব শিগগিরই কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বদলগাছী আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো প্রমূখ।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ