সর্বশেষ সংবাদ :

ডিবি পরিচয়ে বাড়িতে তল্লাশির অভিযোগ, পরদিন খেলনা পিস্তলসহ আটক দুই

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে তল্লাশির নামে প্রবেশ এবং নগদ টাকা ও মোবাইল ফোন আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ ।

 

 

স্থানীয় সূত্র ও অভিযোগকারী পরিবারের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য সৈনিক মো. হাসিবুল হাসান (২৫), একই উপজেলার মারিয়া গ্রামের মো. সোহেল রানা (২৮) এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও একজন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদা পাড়া এলাকার বাসিন্দা মোছা. আরিফা বেগমের বাড়িতে যান। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে তল্লাশি চালানোর কথা বলে ভেতরে প্রবেশ করেন।

 

 

অভিযোগে বলা হয়, বাড়ির সদস্যদের বাইরে রেখে তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। কিছুক্ষণ পর তারা চলে গেলে বাড়ির মালিক আরিফা বেগম ও তার স্বামী দেখতে পান, তাদের ব্যবহৃত একটি ভিভো টাচ মোবাইল ফোন এবং আলমারির ড্রয়ারে রাখা ৬০ হাজার টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিষয়টি নিয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন।

এর একদিন পর, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আগের দিনের তিনজনের মধ্যে দুজন—মো. হাসিবুল হাসান ও মো. সোহেল রানা—পুনরায় ওই বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, তারা বাড়ির গেটের সামনে অবস্থানরত আরিফা বেগমের খালা-শাশুড়ি মোছা. জাহানারা বেগমের (৬০) মাথায় পিস্তল তাক করে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় আরিফা বেগম তাদের চিনতে পেরে কৌশলে স্বামীকে ডেকে আনার কথা বলে বাড়ির বাইরে যান এবং আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে স্থানীয়দের সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনের দেহ তল্লাশি করে একটি কভারসহ খেলনা পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেন। উদ্ধার হওয়া খেলনা পিস্তলের বাটে EVEREST ET-32 নম্বর লেখা রয়েছে বলে পুলিশ জানায়। তবে পুলিশি হেফাজতে নেওয়ার পর মো. হাসিবুল হাসান নিজেকে চাকরিচ্যুত সেনা সদস্য বলে পরিচয় দেন। পরে তাদের বাঘা থানায় নিয়ে যাওয়া হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: August 7, 2026 | সময়: 9:18 am | Daily Sunshine

আরও খবর