সর্বশেষ সংবাদ :

প্লট মালিকদের অভিযোগে আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বনলতা আবাসিক উন্নয়ন প্রকল্প ও চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লট মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে প্লট মালিকদের অভিযোগের বিষয়ে খোঁজ নেন। পরিদর্শনকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। প্লট মালিকদের অভিযোগ, কয়েকজন ভবন মালিক ভবন নির্মাণের সময় নির্ধারিত রাস্তার জায়গা না রেখেই নির্মাণকাজ সম্পন্ন করেছেন। এছাড়া ভবনের সামনে রাস্তার অংশ দখল করে যানবাহন ওঠানামার জন্য র‌্যাম্প নির্মাণ করায় আবাসিক এলাকার পরিকল্পিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পরিদর্শন শেষে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, যেসব ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং অভিযোগকারী প্লট মালিকদের নিয়ে আগামী কর্মদিবসে বৈঠকে বসে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, যেসব ভবন মালিক রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে র‌্যাম্প নির্মাণ করেছেন, তাদের দ্রুত নোটিশ দিতে হবে। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনাও দেন তিনি। পরিদর্শনকালে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ