সর্বশেষ সংবাদ :

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় —স্বরাষ্ট্রমন্ত্রী

শাহালাল ইসলামঃ

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ০১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫৮ জন নবীন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে আজ বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

আজ রোববার সকালে রাজশাহীর সারদায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও অভিবাদন পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি। অভিবাদন গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণকালীন বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা-প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল, অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে।” ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তিনি।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ১৮ বছরের দীর্ঘ বঞ্চনা কাটিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের অফিসারদের আন্তরিক অভিনন্দন জানান।

তিনি পুলিশ সদস্যদের চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, নবীন কর্মকর্তাগণ তাঁদের দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।

সানশাইন /শামি


প্রকাশিত: August 2, 2026 | সময়: 9:20 pm | Daily Sunshine