সর্বশেষ সংবাদ :

কমনওয়েলথ গেমস জুডো ম্যাটে ভারতের স্বর্ণজোয়ার

স্পোর্টস ডেস্ক: নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ী আস্মিতা দে এবং পুরুষদের ৬০ কেজিতে স্বর্ণজয়ী হার্শ সিং। গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে জুডোর ম্যাটে ইতিহাস গড়েছে ভারত। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে একই দিনে দুটি স্বর্ণপদক জিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে দেশটি। নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে আস্মিতা দে এবং পুরুষদের ৬০ কেজিতে হার্শ সিংয়ের স্বর্ণজয়ে উচ্ছ্বাসে ভেসেছে ভারতীয় শিবির। কমনওয়েলথ গেমসের জুডো ইতিহাসে এটি ভারতের সবচেয়ে সফল একদিনের পারফরম্যান্স। পরে নারীদের ৫৭ কেজি বিভাগে ইয়ামিনি মৌর্য রৌপ্য জিতে দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন।
১৯৯০ সালের পর এই প্রথম কমনওয়েলথ গেমসে জুডো থেকে স্বর্ণপদক পেল ভারত। ফলে আমদাবাদে অনুষ্ঠেয় ২০৩০ কমনওয়েলথ গেমসের আগে এই সাফল্য ভারতীয় জুডোর জন্য নতুন আত্মবিশ্বাসের বার্তা হয়ে এসেছে। প্রথম স্বর্ণটি আসে আস্মিতা দের হাত ধরে। নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণির ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি দেশের ইতিহাসে প্রথম কমনওয়েলথ জুডো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
মাত্র ২০ মিনিট পরই পুরুষদের ৬০ কেজি বিভাগে হার্শ সিং দ্বিতীয় স্বর্ণ নিশ্চিত করেন। দুই স্বর্ণজয়ের মধ্য দিয়ে জুডোতে ভারতের ৩৬ বছরের শিরোপা খরা শেষ হয়। দিনের শেষভাগে নারীদের ৫৭ কেজি বিভাগে ইয়ামিনি মৌর্য রৌপ্য পদক জিতে ভারতের পদক তালিকাকে আরও সমৃদ্ধ করেন। একই দিনে তিনটি পদক জিতে গ্লাসগো কমনওয়েলথ গেমসের অন্যতম আলোচিত দেশ হয়ে ওঠে ভারত।
আমদাবাদ ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবে ভারতের জন্য এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজেদের মাটিতে শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজনের আগে জুডোতে এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।


প্রকাশিত: August 2, 2026 | সময়: 3:32 am | সুমন শেখ