সর্বশেষ সংবাদ :

৮ যাত্রীর মধ্যে ৬ জন জীবিত উদ্ধার: রাজশাহীর পদ্মায় নৌকাডুবি বাবা-ছেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। তাদের বাড়ী শ্যামপুর বালুরঘাট কাটাখালী থানা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের জানায়, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিনচালিত একটি নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়।
নৌকাটি ডুবতে দেখে পদ্মা গার্ডেন এলাকায় নদীর তীরে অপেক্ষমাণ অন্যান্য নৌকার মাঝি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় পানিতে হাবুডুবু খেতে থাকা ৮ যাত্রীর মধ্যে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যান কাউসার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলের এবং নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর জিয়ানগর থেকে আসা একটি নৌকায় মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিষপুর ফেরিঘাটে থাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শনে রাসিকের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, প্রশাসন, উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারি জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, তথ্য সহকারি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
এদিকে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।


প্রকাশিত: July 29, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ