সর্বশেষ সংবাদ :

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে চলমান কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি এখনও। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানকে মোকাবিলা করছিল নেপাল। ওই ম্যাচের জয়ী দলকে ফাইনালে পাবে বাংলাদেশ। সেমিফাইনালসহ এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।
রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান।
৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামীকাল বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো- স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
ইংলিশ ফুটবলে গোলরক্ষকদের ‘চুরি’ ঠেকাতে নতুন নিয়ম
স্পোর্টস ডেস্ক: ম্যাচের গতি থামানো, কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেওয়া কিংবা প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার লক্ষ্যে গোলকিপারের ‘চোটের অভিনয়’ বা অপ্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই প্রবণতা বন্ধ করতে নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালুর পথে হাঁটছে ইংলিশ ফুটবল। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গোলকিপার মাঠে চিকিৎসা নিলে দলকে সাময়িকভাবে একজন আউটফিল্ড খেলোয়াড় মাঠের বাইরে রাখতে হবে।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ এবং উইমেন্স সুপার লিগ যৌথভাবে এই পরীক্ষামূলক নিয়ম চালুর বিষয়ে একমত হয়েছে। তবে এটি কার্যকর করতে হলে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি-এর অনুমোদন প্রয়োজন।
চলতি বছরের শুরুতে আইএফএবি বিদ্যমান নিয়ম পরিবর্তন না করার সিদ্ধান্ত নিলেও বিভিন্ন লিগকে পরীক্ষামূলকভাবে নতুন সমাধান যাচাই করার সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়েই ইংল্যান্ডে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, প্রো রেফারির প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব-এর নেতৃত্বে হওয়া আলোচনার পর এই প্রস্তাব সামনে আসে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলকিপার চিকিৎসা নিলে এবং রেফারি চিকিৎসাকর্মীদের মাঠে প্রবেশের অনুমতি দিলে, কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়ের নাম জানাতে হবে, যাকে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই সিদ্ধান্ত চতুর্থ কর্মকর্তাকে জানাতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো খেলোয়াড়ের নাম না দেওয়া হয়, তাহলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।আইএফএবি অনুমোদন দিলে, নতুন নিয়মের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে ১ আগস্ট কারাবাও কাপের প্রাথমিক পর্বে ট্রানমিয়ার রোভার ও রচডেল-এর ম্যাচে। সাম্প্রতিক বছরগুলোতে গোলকিপারদের ইচ্ছাকৃতভাবে মাটিতে শুয়ে চিকিৎসা নেওয়ার ঘটনা বেড়েছে। এ সময় সতীর্থরা টেকনিক্যাল এরিয়ার পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেন। কিছুক্ষণ পর গোলকিপার আবার খেলায় ফিরে আসেন। ফুটবল সংশ্লিষ্টদের মতে, এভাবে ম্যাচের গতি থামিয়ে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার প্রবণতা ক্রমেই বাড়ছিল। নতুন পরীক্ষামূলক নিয়মের মাধ্যমে সেই সুযোগ কমিয়ে এনে খেলার ধারাবাহিকতা বজায় রাখাই ইংলিশ ফুটবল কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল, শেষ বাধা সরকারি অনুমোদন
স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। তবে সিরিজটি আয়োজনের আগে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম দিকে বাংলাদেশে একটি সাদা বলের সিরিজ খেলতে পারে ভারত। সম্ভাব্য এই সফরের সূচি চূড়ান্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে আলোচনা শুরু করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সরকারের অনুমতি মিললে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটি পিছিয়ে দেওয়া হতে পারে। সেই সিরিজটি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। সিরিজটি পিছিয়ে গেলে সেপ্টেম্বরের প্রথম দিকে প্রায় দুই সপ্তাহের একটি সময়সূচি ফাঁকা হবে, যা বাংলাদেশ সফরের জন্য ব্যবহার করা যেতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য সিরিজের জন্য সেপ্টেম্বরের শুরুতে নিজেদের ভেন্যুগুলো ফাঁকা রেখেছে বিসিবি। অন্যদিকে বিসিসিআই চায় ঢাকা ও চট্টগ্রামে ম্যাচ আয়োজন করতে। বিসিবিও তিনটি টি-টোয়েন্টি এক ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজনের পক্ষে। তবে প্রয়োজন হলে এক ভেন্যুতেও পুরো সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে আফগানিস্তান সিরিজের সূচি এবং ভারত সরকারের অনুমোদন এই দুটি বিষয়ই এখন সফরটি বাস্তবায়নের প্রধান শর্ত।
ভারতীয় বোর্ডের একটি সূত্রের দাবি, অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বিসিসিআই। সেই ভাবনা থেকেই বাংলাদেশ সফর আয়োজনের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।


প্রকাশিত: July 29, 2026 | সময়: 3:49 am | সুমন শেখ