, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার। নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নিয়োগ পাওয়ায় রাজশাহীতে বইছে আনন্দের জোয়ার। তার অনুসারী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।