, , ।
জুবায়ের তুহিন রাজশাহী :
রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার মিনি হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক মো. জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহযোগী সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, মো. জাকির হোসেন এবং উপজেলার সিনিয়র সাংবাদিক মো. মিজান মাহী।
মতবিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরের উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গড়তে হলে প্রথমেই আমাদের নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ থেকেই একটি মানবিক উপজেলা প্রতিষ্ঠা সম্ভব।তিনি আরও বলেন, দুর্গাপুরে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, আবার অনেক মানুষ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নীরবে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। এমন মানুষদের খুঁজে বের করে তাদের কাজকে সমাজের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি সাংবাদিকদের মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ধরনের সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর যৌক্তিক সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শেষাংশে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপুরকে একটি মানবিক, উন্নয়নমুখী ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সানশাইন /শামি