সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগাতিপাড়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
মঙ্গলবার ২১ জুলাই সকালে উপজেলার লক্ষনহাটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএসএস নাটোর জোনের ম্যানেজার খন্দকার মো. শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইউসুফ আলী, এসএসএসের এরিয়া ম্যানেজার হারুন-অর-রশিদ, বাগাতিপাড়া শাখা ব্যবস্থাপক রিপা আক্তার, হিসাবরক্ষক আমিরুল ইসলাম, সংস্থার মাঠকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে তাদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
এসএসএসের কর্মকর্তারা জানান, বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সংস্থাটির ঋণগ্রহীতাদের মধ্যেও চারা বিতরণ করা হবে। চলতি কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।
সংস্থাটি জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পরিবেশ সংরক্ষণ এবং বনায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এসএসএস। তারই অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৫০টি এবং মঙ্গলবার লক্ষনহাটি স্কুল অ্যান্ড কলেজে ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। দুই দিনে মোট ১ হাজার ২৫০টি গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।


প্রকাশিত: July 23, 2026 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর