সর্বশেষ সংবাদ :

কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফেরানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে নতুন পশুপাখি সংযোজন করে ঐতিহ্য ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাফারি পার্কের মতো করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় বনায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি।
রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স এর উদ্যোগে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বেন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি। বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্যশৃঙ্খল বজায় রাখা এবং পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। তাই বন্যপ্রাণী সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এ্যনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বণ্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি রাজশাহী সফরে এসেছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ওই সময় তিনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এ চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে পরিদর্শনে এসেছি। প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সঙ্গে আছেন। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: July 19, 2026 | সময়: 3:06 am | সুমন শেখ