সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ছেলে শিশুর যৌন শোষণ প্রতিরোধে অংশীজন বৈঠক

স্টাফ রিপোর্টার: ছেলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ব্লু আমব্রেলা (নীল ছাতা) দিবস উপলক্ষে বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ফ্যামিলি ফর এভরি চাইল্ড-এর সহযোগিতায় নগরীতে এক অংশীজন বৈঠক আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস এবং সঞ্চালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল।
অনুষ্ঠানের শুরুতে ছেলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ বিষয়ক একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করা হয়। উপস্থাপনায় “নীরবতা ভাঙুন, ছেলে শিশুর যৌন শোষণ প্রতিরোধ করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফ এর ২০২৪ সালের প্রথম বৈশ্বিক বিশ্লেষণে উঠে আসা তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ছেলে শিশুর প্রতি যৌন সহিংসতার বিষয়টি সামাজিকভাবে উপেক্ষিত থাকায় প্রকৃত পরিস্থিতি আড়ালেই রয়ে গেছে। তাই নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
উপস্থাপনায় ছেলে শিশুরা কেন যৌন শোষণের শিকার হয়, যৌন শোষণের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক ক্ষতি, পরিবার কীভাবে শিশুদের সুরক্ষা দিতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব এবং সরকারের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। অংশীজন বৈঠকে ছেলে শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় সরকারের ভূমিকা, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সংবেদনশীলতা বৃদ্ধি, আইনি প্রক্রিয়ায় ছেলে শিশুদের মর্যাদা ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিতকরণ এবং স্কুল, পুলিশ, সমাজসেবা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করার বিষয়ে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।
বৈঠকে অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ইমামুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছাম্মৎ রহিমা রওনাক, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, সমাজ বিশ্লেষক সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্পেশাল করেসপন্ডেন্ট ড. আইনুল হক, বাংলাদেশ প্রতিদিন এর ব্যুরো প্রধান কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক মামুন অর রশিদ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সম্পাদক ড. হেমায়েতুল ইসরাম আরিফ, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়ক মিজানুর রহমান, ঢাকা ট্রিবিউন রাজশাহী বিভাগীয় প্রতিবেদন দুলাল আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথি মো. সবুর আলী বলেন, ছেলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সরকার এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিকার এবং শিশু-সংবেদনশীল সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


প্রকাশিত: July 19, 2026 | সময়: 3:01 am | সুমন শেখ