, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে পূর্বপুরুষের জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, প্রথম পক্ষের মো. সাইদুর মন্ডল (৪৫), মোছা. বিজলী বেগম (৪০) ও মোছা. হাওয়া বেগম (৬০)-এর ওপর দ্বিতীয় পক্ষের বাবুল মন্ডল, ইমরান মন্ডল, শাবুল মন্ডল, শাহিদ মন্ডল, সাজেদা বেগম, চায়না বেগম ও ঝর্ণা বেগম চাইনিজ কুড়াল, হাসুয়া ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়।
হামলায় সাইদুর মন্ডলের মাথায় হাসুয়ার কোপ লেগে গুরুতর জখম হয়। এরমধ্যে বিজলী বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। আহতদের স্বজন ও স্থানীয়রা দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে আহতদের সঙ্গে হাসপাতালে যাওয়া আফিদুল মন্ডল (৩৫) ওষুধ কিনতে হাসপাতালের গেটসংলগ্ন একটি ফার্মেসিতে গেলে দ্বিতীয় পক্ষের ইমরান মন্ডল, শাবুল মন্ডল ও শাহিদ মন্ডল তাকে আবারও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার ডান চোখের নিচে গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়।
কর্তব্যরত চিকিৎসক সাইদুর মন্ডল ও বিজলী বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক ।
অপরদিকে হাওয়া বেগম ও আফিদুল মন্ডলকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে সংঘর্ষে দ্বিতীয় পক্ষের শাবুল মন্ডলও আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান এ বিষয়ে অভিযোগের প্রস্তুতি চলছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।