সর্বশেষ সংবাদ :

পাবনা সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, একটি সুস্থ, সবল ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ারের পাশাপাশি খেলোয়াড় হওয়ার স্বপ্নও দেখতে পারে। মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে পাবনা শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ‘সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিরোপা নির্ধারণীর এ ম্যাচে পাবনা সদর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ঈশ্বরদী উপজেলা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৯ সালে আমি পাবনার এই মাঠে খেলেছিলাম। দীর্ঘ সময় পর দর্শকদের এমন উপস্থিতি প্রমাণ করে যে, দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সাফ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি জানান, সারাদেশে খেলাধুলার প্রসারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসর আগামী ২৭শে জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবং দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুদের অংশগ্রহণের মাধ্যমে একটি মানবিক ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ৬৪টি জেলার জরাজীর্ণ মাঠগুলো দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা হবে। এছাড়া প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ এবং জেন-জিদের জন্য কৃত্রিম ঘাসের ফুটসাল গ্রাউন্ড ও হকি টার্ফ নির্মাণের পরিকল্পনাও সরকারের হাতে রয়েছে।
এসময় তিনি পাবনা বাসীকে ক্রীড়ামোদী হিসেবে আখ্যায়িত করে ভবিষ্যতে জেলা ক্রীড়া সংস্থাকে নিয়মিত সব ধরনের খেলাধুলার আয়োজন করার অনুরোধ জানান।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-০২ আসনের সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, পাবনা-০৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার, পাবনা-০৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার দর্শক এবং গণমাধ্যমকর্মী।


প্রকাশিত: July 18, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ

আরও খবর