, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে খেলাধুলা শেষে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণীর ছাত্র ফাহাদের (১১) নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ১৩ ঘণ্টা পর শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে গভীর গর্ত ও তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারণে নদীতে গোসল বা সাঁতার কাটতে নামলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। বৃহস্পতিবার ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া বারুইপাড়া এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। সন্ধান না পেয়ে আজ শুক্রবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহাদ কুঠিপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে সে স্থানীয় কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকার এবং গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।