নওগাঁয় ৯ দিনব্যাপী রথযাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ৯দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। রথযাত্রাটি শহরের পুরাতন গরুহাটি থেকে শুরু হয়ে শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দিরের পাশে এসে শেষ হয়। এদিন বিকেল ৫ টায় রথযাত্রার দ্বিতীয় টান দেওয়া হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা।
রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। প্রায় শত বছর ধরে শহরের কালিতলা এলাকায় কালিমাতা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। ৯ দিনব্যাপী এই উৎসব উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে রথাযাত্রা উৎসব দেখতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের আগমন ঘটেছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও এসেছে এ অনুষ্ঠান দেখতে।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।
শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় গীতা পাঠ করা হয়। দেশ স্বাধীনের আগ থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব হয়ে আসছে। ৯ দিন ব্যাপী গ্রামীন মেলায় বিভিন্ন মিষ্টান্ন ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডস রয়েছে।


প্রকাশিত: July 17, 2026 | সময়: 4:35 am | সুমন শেখ