, , ।
স্টাফ রিপোর্টার: পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। গত সোমবার জাতীয় সংসদে সংসদীয় কমিটির সভায় তাঁকে সভাপতি করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি করায় এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। সেইসাথে তাঁর উপরে অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানান তিনি।
তিনি জানান, তাঁর নেতৃত্বে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে। রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এদিকে সংসদ সদস্য শফিকুল হক মিলনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় রাজশাহী পবা উপজেলা ও জেলা বিএনপি এবং সাধারণ জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকেও তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।