সর্বশেষ সংবাদ :

পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-নেপাল

সানশাইন ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও আঞ্চলিক পরিবেশগত ইস্যুতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি নেপালে ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠেয় সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নেপাল সফরের আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত ভান্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে একটি তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


প্রকাশিত: March 21, 2025 | সময়: 3:12 am | সুমন শেখ