সর্বশেষ সংবাদ :

অনলাইনভিত্তিক আম ব্যবসায় সফল বদলগাছীর মোস্তাকিম

রানা হামিদ, বদলগাছী: প্রযুক্তির সঠিক ব্যবহার, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অনলাইনভিত্তিক আম বিক্রিতে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাকিম। ফেসবুকভিত্তিক ই-কমার্স উদ্যোগ ‘বদলগাছী ম্যাংগো সেল বাজার’ গড়ে তুলে তিনি দেশ-বিদেশের ক্রেতাদের কাছে সরাসরি বাগান থেকে কেমিক্যালমুক্ত ও বিষমুক্ত আম পৌঁছে দিচ্ছেন।
আম উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা নওগাঁর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে আম বিপণন করে আসছেন মোস্তাকিম। চলতি মৌসুমে নিজের বাগানের নাক ফজলি, আম্রপালি, ব্যানানা ও অন্যান্য জনপ্রিয় জাতের আম অনলাইনে অর্ডার নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও তাঁর উদ্যোগের মাধ্যমে স্বজনদের জন্য আম পাঠাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত প্রচার, মানসম্মত পণ্য সরবরাহ এবং ক্রেতাসেবার কারণে অল্প সময়েই তাঁর ক্রেতাসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা তাঁর পেজ থেকে নিয়মিত আম কিনছেন।
এস এম মোস্তাকিম বলেন, ‘শুরুর সময় নানা চ্যালেঞ্জ ছিল। কিন্তু সততা, ভালো মানের আম এবং ক্রেতার আস্থা অর্জনের ফলে আজ অনেকেই নিয়মিত আমার কাছ থেকে আম কিনছেন। তবে আম দ্রুত পচনশীল হওয়ায় কখনো কখনো কুরিয়ার সার্ভিসের ধীরগতির কারণে ভোগান্তি পোহাতে হয়। পরিবহন ও কুরিয়ার ব্যবস্থা আরও উন্নত হলে অনলাইনভিত্তিক এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, ‘তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের মতো শিক্ষিত তরুণদের অনলাইনভিত্তিক কৃষিপণ্য বিপণনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এতে একদিকে আমচাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন, অন্যদিকে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষির আধুনিকায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’
স্থানীয়দের মতে, প্রযুক্তিনির্ভর এমন উদ্যোক্তাদের হাত ধরেই বদলগাছীর আম দেশ-বিদেশের ক্রেতাদের কাছে আরও পরিচিতি পাচ্ছে। একই সঙ্গে অনলাইনভিত্তিক কৃষিপণ্য বিপণনে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।


প্রকাশিত: July 14, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ