, , ।
নুরুজ্জামান, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর করতে স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের উদ্যোগে অবশেষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়েছে। গত ২৭ মে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলীর কাছে চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান তিনি। সেই দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে শনিবার (১১ জুলাই) নবনির্মিত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করা হয়। চরাঞ্চলবাসীরা জানান, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড়মাসে চরাঞ্চলে সাতজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।এরপর থেকে তাদের প্রানের দাবি ছিলো একটি পুলিশ ফাঁড়ির।
সরেজমিন লক্ষ করা যায়, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিকে উপেক্ষা করে কখনো কাদা মাটি পেরিয়ে পায়ে হেটে আবার কখনো মোটর সাইকেলযোগে, আবার কিছু পথ ভুট-ভুডি করে পুলিশ ফাড়িতে পৌছান রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলক উন্মোচন ও শান্তির প্রতিক কবুতর উড়ানোর মাধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডি.আই.জি শাজাহান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, পদ্মার চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, ডাকাতি, চুরি, গোলাগুলি ও বিভিন্ন অপরাধের আতঙ্কে বসবাস করছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিষয়টি রাজশাহী রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনেন এবং দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। সেই দাবির বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ করতে সক্ষম হলাম।
তিনি আরো বলেন, এই পুলিশ ফাঁড়ি চালু হওয়ার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, অপরাধ দমনে গতি আসবে এবং চরাঞ্চলের মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে রাজশাহী রেঞ্জ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৭ মে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী চরাঞ্চল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় এমপি আবু সাঈদ চাঁদ চরাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান। ডিআইজি এক মাসের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো।
এদিকে স্থানীয়রা বলছেন, চরাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় নিরাপত্তা নিয়ে তাদের দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই দূর হবে। তাদের আশা, এমপি আবু সাঈদ চাঁদের উদ্যোগে বাস্তবায়িত এ পুলিশ ফাঁড়ি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।
চরাঞ্চল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, গত দুই মাসে চরাঞ্চলে মানুষের বাড়ির হালের গরু লুট, একাধিক ছিনতাই, এক রাতে দুই বাজারের আটটি দোকানে চুরি এবং চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে কাশবন দখলকে কেন্দ্র করে কুষ্টিয়ার কাকন বাহিনীর হামলায় ১০ জন গুলিবিদ্ধ ও তিনজন নিহত হন। এছাড়া বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ এবং ফসল কাটাকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়াও গত মাসে বালু মহলকে কেন্দ্র করে কুষ্টিয়া থেকে দুটি ট্রলারযোগে বাঘার পদ্মার চরে এসে দুর্বৃত্তরা চকরাজাপুর হাটের পাশে দু’জনকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় অপর একজন স্বপন ব্যাপারি(৪০) অদ্যাবধি নিখোঁজ রয়েছেন ।
তিনি আক্ষেপ করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাসে কুষ্টিয়ার দৌলত পুর, নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার পদ্মার চরাঞ্চলে সাতজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।
নুরুজ্জামান /শামি