, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার এইচ.ই.মিস. সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার সকালে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “বোর্ডরুমে” সাক্ষাতকালে রাজশাহী ও যুক্তরাজ্য দ্বি-পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হাসেন আলী।
সভায় রাজশাহীর পাট ও পাট জাতীয় পণ্য, সিল্ক, আম, খাদ্য শস্য, মিঠা পানির মাছ যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনাসহ বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিজম শিল্প, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ হাইকমিশনার এইচ.ই.মিস. সারাহ কুক বলেন, রাজশাহী চেম্বার কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ।
তিনি বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের চামড়া, মসলা এবং ঐতিহ্যবাহী পিঠা অত্যন্ত প্রশংসিত হচ্ছে এবং এগুলোর চাহিদা ইতিবাচক ভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের উন্নয়ন ও যুক্তরাজ্যের বাজারে বাজারজাতকরণ বিষয়ে ব্রিটিশ হাই কমিশন কাজ করছে। তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) ও পাটজাত পণ্যকে বহুমুখী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যাতে এসকল পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এক্সপোর্টের ক্ষেত্রে রাজশাহীর বড় সুযোগ রয়েছে। রপ্তানীতে বাংলাদেশে গার্মেন্টস ছাড়াও কৃষি ক্ষেত্রে সহায়তা করার জন্য যুক্তরাজ্য এ বিষয়ে পরিকল্পনা করছে।
সভাপতির বক্তব্যে হাসেন আলী, রাজশাহীকে ঐতিহ্যবাহী ‘শিক্ষা নগরী’ হিসেবে উপস্থাপন করে শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা চান। তিনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যুক্তরাজ্যে যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ‘বিজনেস ভিসা’ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে অনুরোধ জানান। পরিশেষে, তিনি আরসিসিআই-এর পক্ষ থেকে প্রধান অতিথি এবং তাঁর প্রতিনিধিদলের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ রেজাউল করিম, শাহ মোঃ মইনুল হোসেন চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান, শামসুজ্জামান, রুহুল আমীন, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম হেলাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক এস, এম আইয়ুব, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য তৌফিক হাসান, রোমেন্তু চাকমা, চেয়ারম্যান, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ।