সর্বশেষ সংবাদ :

চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে চারঘাট থানার শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং আচুয়াভাটা গ্রামের তসলিম আলীর ছেলে ইমন হোসেন (২১)।
রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টা থেকে চারঘাট বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে হেরোইন বিক্রির উদ্দেশ্যে শিশাতলা তেল পাম্পের পেছনে অবস্থান করছেন। পরে রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের এসআই স্বপন হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে ইমন হোসেনের দেহ তল্লাশি করা হয়। তাঁর পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা পলিথিনে মুখবন্ধ অবস্থায় ৬০ গ্রাম বাদামি রঙের গুঁড়া জাতীয় হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


প্রকাশিত: August 30, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ