, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া (২৮), তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) ও শিপন খান (২৫) নামে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়মাটির গোপালপুর সরকারের ঢালান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে, তৌলক্ষ বিশ্বাস একই উপজেলার পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে এবং শিপন খান গড়মাটি খানপাড়া এলাকার চাঁদ আলী খানের ছেলে। নিহতদের মধ্যে রান্টু ইজিবাইকটির চালক ও অন্যরা যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মাল বোঝাই একটি ট্রাক রাজাপুর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইকের সামনের দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের চালক রান্টু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ইজিবাইকের তলৌক্ষ ও শিপন খান গুরুতর আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুলিশ হেফাজতে নেয়া হয় এবং আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যায়।
নাটোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলাম শান্ত জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধিন অবস্থায় তৌলক্ষ্য বিশ্বাস মারা যান। অপর আহত শিপন খানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।