, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। দপ্তরটির তথ্য মতে, বর্তমানে জেলায় মোট সক্ষম দম্পতির সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯০১ যার মধ্যে ৩ লাখ ১২ হাজার ৮১ দম্পতি বিভিন্ন রকম পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, এপ্রিল/২৫ মাসে জেলায় অস্থায়ী পদ্ধতি ব্যবহারকারী দম্পতির সংখ্যা ৭৯ হাজার ৩১৫। এছাড়াও এ মাসে ৩৩৭ জনকে দীর্ঘমেয়াদি পদ্ধতির আওতায় আনা হয়েছে এবং স্থায়ী পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ ও ৮০ জন নারী।
জুলাই/২৪ থেকে এপ্রিল/২৫ মেয়াদে এ জেলায় পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি ১৪ হাজার ৪৭৪ জন নারীকে প্রসবপূর্ব, ১ হাজার ৮২৬ জন নারীকে স্বাভাবিক প্রসব সেবা এবং ৬ হাজার ১৪৭ জন নারীকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। কার্যালয়টির উপপরিচালক জানান, এপ্রিল/২৫ এর রিপোর্ট অনুসারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রসব সেবার সংখ্যার ভিত্তিতে জাতীয়ভাবে উপজেলা পর্যায়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
এছাড়াও কার্যালয়টি থেকে ৬টি ‘কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার’ এর মাধ্যমে কৈশোরকালীন বিভিন্ন স্বাস্থ্যসেবা, পুষ্টি, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।