সর্বশেষ সংবাদ :

বাঘায় পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় মাদক প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে ।এই অভিযানে পৃথক-পৃথক এলাকা থেকে চোরাই মালামাল উদ্ধার, ইয়াবা-সহ মাদক জব্দ, পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর পর্যন্ত বাঘা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহীর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইস্তা মণ্ডলের ছেলে নাঈম ইসলাম (৩০) ও একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ৪ জুলাই দিবাগত রাতে তেপুকুরিয়া গ্রামের মানিকুর রহমানের বাড়ি থেকে একটি ইলেকট্রিক চুলা, একজোড়া স্পিকার ও ল্যাপটপের চার্জার-সহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ রয়েছে।

লোকজন জানান,বুধবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি ইলেকট্রিক চুলা, একজোড়া স্পিকার ও একটি ল্যাপটপের চার্জার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় নিয়মিত চুরির মামলা দায়ের হয়েছে।

একই অভিযানে মনিগ্রাম ইউনিয়নের হাবাশপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মো. মারুফ (২০)কে আটটি ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা করা হয়েছে।

এ ছাড়া এনআই আ্যাক্টের মামলায় পরোয়ানাভুক্ত আসামি বাজুবাঘা উত্তরপাড়া গ্রামের আব্দুল করিম এবং চক ছাতারি গ্রামের সিরাজুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নাটোরের লালপুর উপজেলার কামরুল ইসলাম (৩২) এবং বাগাতিপাড়া উপজেলার সোহেল রানা (৩৭)কে আড়ানী এলাকা থেকে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাতজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সানশাইন /শামি


প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ | সময়: ৮:১০ অপরাহ্ণ | Daily Sunshine