সর্বশেষ সংবাদ :

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপে কাটা রোগিকে সুস্থ করলেন ডা. তরুণ

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার মাধ্যমে সাপে কাটা এক নারী রোগিকে সুস্থ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষিত এন্টিভেনাম প্রয়োগের মাধ্যমে রোগিটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করলেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আটাপুর এলাকার মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুনকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা আক্রান্ত জেবুন্নেছাকে হাসপাতালে ভর্তি করালে দ্রুত তার শরীরে এন্টিভেনাম প্রয়োগে মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পায়।
জেবুন্নেছার পরিবার জানায়, হাতপাখা তৈরির জন্য ঘরের বস্তায় রাখা পুরাতন কাপড় খোঁজার সময় বস্তার ভেতরে লুকিয়ে থাকা একটি সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়।
এতে জেবুন্নেছার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে সংরক্ষিত এন্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করে রোগিকে নিবিড় পর্যবেক্ষণে রাখি। দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় রোগি এখন ঝুঁকিমুক্ত। জেবুন্নেছা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালেই আছেন। শতভাগ সুস্থ হলে তাকে বাড়ি পাঠানো হবে বলেও জানান ডা. তরুণ পাল।
স্বাস্থ্য কর্মকর্তারা ডা. তরুণ কুমার পাল বলেন, বর্ষা ও শীতের শুরুতে সাপের উপদ্রব বাড়ে। এ সময় অন্ধকারে পথচলা ও সব স্থানে হাত দেওয়ার আগে সতর্ক থাকা উচিত। যদিও সাপে কেটে থাকলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে রোগিকে ভর্তির পরামর্শ দেন তিনি।


প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ | সময়: ৪:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ