বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে নামার আগে মাঠের বাইরে কিছুটা ধাক্কা খেল আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ের পরও ফিফা র্যাংকিংয়ের ১ নম্বর স্থানটি হারাতে হয়েছে আলবিসেলেস্তেদের।
প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানটি আবারও নিজেদের দখলে নিয়েছে ফ্রান্স। তিনে নেমে গেছে স্পেন (১৯১২.৩৪)। বিশ্বকাপের ম্যাচগুলোর ফলের ওপর ভিত্তি করে সরাসরি লাইভ আপডেট হচ্ছে ফিফা র্যাংকিং। প্যারাগুয়েকে হারানোর পর ফরাসিদের বর্তমান পয়েন্ট ১৯২৫.৮৬।
অন্যদিকে, মিসরকে হারিয়েও আর্জেন্টিনা সামান্য পিছিয়ে থেকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। যেহেতু দুই দলই এখনো বিশ্বকাপে টিকে রয়েছে, তাই টুর্নামেন্টের বাকি অংশে এই সামান্য ব্যবধান যেকোনো সময় আবার বদলে যেতে পারে।
পরিসংখ্যানের বিচারে শীর্ষস্থান হারানোটা আর্জেন্টিনার জন্য কিছুটা ধাক্কা মনে হলেও, ফুটবল ইতিহাসের এক অদ্ভুত কুসংস্কার আলবিসেলেস্তে সমর্থকদের মনে স্বস্তি দিচ্ছে। ইতিহাস বলছে, আজ পর্যন্ত যে দলই ফিফা র্যাংকিংয়ের ১ নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছে, তাদের কেউই শেষ পর্যন্ত সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। ফুটবল বিশ্বে এটি ফিফা র্যাংকিংয়ের এক ‘অভিশাপ’ হিসেবে পরিচিত। ফলে শীর্ষস্থান হারানোটা কাগজে-কলমে খারাপ খবর হলেও, অনেক আর্জেন্টাইন সমর্থকই এটিকে কাপ জেতার জন্য ‘শুভলক্ষণ’ হিসেবে দেখছেন।
বিশ্বকাপ শুরুর ঠিক আগের আন্তর্জাতিক উইন্ডোতে ফ্রান্স ও স্পেনের পয়েন্ট হারানোর সুযোগ নিয়ে শীর্ষে উঠেছিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্স যখন আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ১-১ গোলে ড্র করে ইরাকের সঙ্গে, তখন বড়সড় পয়েন্ট খোয়ায় তারা। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা তাদের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান দখল করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।
এখন পাশা উল্টে গেছে। ফ্রান্স আবারও তাদের হারানো মুকুট ফিরে পেয়েছে, আর আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। এখন দেখার বিষয়, র্যাংকিংয়ের এই শীর্ষস্থান ধরে রেখে ফ্রান্স সেই পুরোনো ‘অভিশাপ’ ভাঙতে পারে, নাকি দ্বিতীয় স্থানে থেকে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বাদ পায়।