সর্বশেষ সংবাদ :

রাসিকের প্রকৌশল বিভাগের কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী মহানগরের উন্নয়নের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। এ দায়িত্ব সফলভাবে পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। রাসিক প্রশাসক আরও বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর ও আধুনিক নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন নতুন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে প্রকৌশল বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় মহানগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি ও তথ্যচিত্র উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় রাসিকের প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর