রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝরানো জয়ের পর এক মহানুভবতার পরিচয় দিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আবদার মিটিয়ে তাদের সাথে ছবি তোলেন আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচ শেষে মিক্সড জোনে আসার পর আফ্রিকান দেশটির বেশ কয়েকজন খেলোয়াড় মেসির জন্য অপেক্ষা করছিলেন। তারা সবাই বিশ্বসেরা এই তারকার সাথে ছবি তোলা এবং তার থেকে কোনো স্মৃতিচিহ্ন পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। মেসিও হাসিমুখে সবার আবদার পূরণ করেন। রসিকতা করে ১০ নম্বর জার্সিধারী এই তারকা বলেন, ‘ওরা ঠিকই আমার জার্সি চেয়েছিল… অথচ মাঠের ভেতরে আমাকে লাথি মারার কোনো সুযোগই হাতছাড়া করেনি (হাসি)।
বরাবরের মতো এই ম্যাচেও আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। তিনি দলের হয়ে প্রথম গোলটি করেন, যার মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২০-এ দাঁড়িয়েছে। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং জয়ের নির্ণায়ক আত্মঘাতী গোলটির কারিগরও ছিলেন তিনি।