শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি স্কুটিতে অজ্ঞাত ব্যক্তি লাগিয়ে দেওয়া একটি বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানিদের মধ্যে ছড়িয়ে পড়ে ওটা বোমা। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি কোনো বিস্ফোরক নয়; মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ সময় পুরো মার্কেট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক অজ্ঞাত যুবক একটি স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক সেটি দেখতে পেয়ে বোমা সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি পরীক্ষা করে।
আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ডিভাইসটি কোনো বিস্ফোরক নয়, বরং মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এক যুবক এটি স্কুটিতে লাগিয়ে রেখে যান।
তিনি বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, এটি সম্পূর্ণ নিরাপদ একটি মিউজিক ডিভাইস। পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।’
গাজিউর রহমান আরও বলেন, জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।