শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ উপজেলা যুবদলের ৩ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে সকালে চিঠি দেয় যুবদলের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় যুবদলের প্যাডে বৃহস্পতিবার ২ জুলাই দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষর করা বহিস্কারাদেশ প্রত্যাহারের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।
সেখানে বলা হয় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু ও সদস্য মতিয়ার রহমানকে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে ২ জুলাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এই খবর প্রকাশ হলে যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক পেজ থেকে আলহামদুল্লিাহ্, শুভেচ্ছা ও অভিনন্দন সহ বিভিন্ন কথা লিখে পোস্ট করেন। বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে বিকাল ৫টায় যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করারও আয়োজন করা হয়। কিন্তু বিকাল সাড়ে ৩টার সময় হঠাৎ করেই উল্লেখিত নেতৃবৃন্দের বহিস্কারাদেশ বহালের আরেকটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কেন্দ্রীয় যুবদলের প্যাডে চিঠিতে স্বাক্ষর করেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া।
বহিস্কারাদেশ বহাল থাকা চিঠিতে বলা হয়, আজ ২ জুলাই এক বিজ্ঞপ্তিতে পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু ও সদস্য মতিয়ার রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লেখিত নেতাদের বহিস্কারাদেশ বহাল থাকবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনানুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হল।
ঈশ্বরদীতে যুবদলের এই ৪ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও বহাল নিয়ে পাল্টাপাল্টি চিঠিতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দলের পরীক্ষিত ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, বহিস্কারাদেশ বহালের চিঠি দলের নেতাকর্মীদের হতাশ করেছে। এই সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হবে।
তারা বলেন, গত ১৭ বছর ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে ঈশ্বরদীতে দূর্বার আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অথচ দলের সুদিনে তাকেই দল থেকে বহিস্কার করা হল।
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, রাজপথ কখনো বেঈমানী করে না। আমরা দলের সকল আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, থাকবো। দলের প্রতি কোন অভিমান নেই, এই দলের সাথেই আমৃত্যু থাকতে চাই।