সর্বশেষ সংবাদ :

সিভার ব্রান্ট-নাইটের রেকর্ড জুটিতে ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: মাত্র ২৩ রানেই তিন উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট ও অভিজ্ঞ হিদার নাইট।
দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ পায় ইংলিশরা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে আট বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।
ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায়। শিরোপার লড়াইয়ে আগামী রোববার লর্ডসে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংলিশরা। তবে শিরোপা জিততে হলে শেষ বাধা হিসেবে তাদের সামনে অপেক্ষা করছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল একেবারেই হতাশার। ওপেনার অ্যামি জোন্স, ড্যানি ওয়াট-হজ ও অ্যালিস ক্যাপসি দ্রুত ফিরলে মাত্র ২৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেই অবস্থায় চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন প্রতিরোধ গড়ে তোলেন সিভার ব্রান্ট ও নাইট।
শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে রানের গতি বাড়ান দুজন। শেষ পর্যন্ত ৯০ বলে ১৩৩ রানের জুটি গড়েন তারা। যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। সিভার ব্রান্ট ১১টি চার ও একটি ছক্কায় ৪৭ বলে ৭৫ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন। অন্য প্রান্তে নাইট খেলেন ৪৭ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস। নিজের ইনিংস সাজাতে মারেন ছয়টি চার ও একটি ছক্কা।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালোই করেছিল। লরা ভুলভার্ট ও ট্যাজমিন ব্রিটস উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ভুলভার্ট ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ব্রিটস একপ্রান্ত ধরে রেখে ৪৫ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেললেও তাকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারেননি। ফলে রান তাড়ার লড়াইয়ে আর ফিরে আসতে পারেনি প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে লরেন বেল ও চার্লি ডিন দুটি করে উইকেট নেন। এছাড়া বাকি বোলাররাও আঁটসাঁট বোলিং করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখেন।


প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ