সর্বশেষ সংবাদ :

ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে শিক্ষককে গণধোলাই

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক মাদ্রাসার শিক্ষককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক ছাত্রীকে মোবাইল ফোনে আপত্তিকর কুরুচিপূর্ণ কথোপকথনের অভিযোগে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।
অভিযোগ ওঠা শিক্ষকের নাম মাহমুদ হাসান। তিনি ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় কর্মরত। মঙ্গলবার বিকেল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নসরতপুর ইউনিয়নের ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয় দাখিল মাদ্রাসার শিক্ষক মাহমুদ হাসানের বিরুদ্ধে নবম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন ধরে মোবাইলে আপত্তিকর কথোপকথনের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে ও জবাবদিহিতা চাইতে যান।
এ সময় অভিযুক্ত শিক্ষক কথোপকথনের বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিকেলের দিকে মাদ্রাসা চত্বরে স্থানীয় জনতা জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেইসাথে শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: জুলাই ২, ২০২৬ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ