টানা ১২ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনন্য উচ্চতায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: মিয়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে সেলেসাওরা কেবল নিজেদের গ্রুপ সেরা হিসেবেই প্রতিষ্ঠিত করেনি, বরং ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দখলে থাকা একটি অবিশ্বাস্য বিশ্বরেকর্ডকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মরক্কোকে পেছনে ফেলে (গোল ব্যবধানে) গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে গেছে কার্লো আনচেলত্তির দল। আর এই ফলাফলের হাত ধরে বিশ্বকাপে টানা ১২টি আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অনন্য এক রেকর্ড স্পর্শ করল ব্রাজিল। ১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু করে চলমান ২০২৬ বিশ্বকাপ; মাঝখানের প্রতিটি আসরেই গ্রুপ পর্বের শীর্ষস্থানটি নিজেদের করে রেখেছে তারা।
বিশ্ব ফুটবলের আর কোনো দল ব্রাজিলের এই রেকর্ডের ধারেকাছেও আসতে পারেনি। এই তালিকায় ব্রাজিলের পেছনে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ১৯৯০ থেকে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত টানা ৭টি আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জার্মানি ব্রাজিলের কিছুটা কাছাকাছি এসেছিল।
তবে ২০১৮ সালের বিশ্বকাপে জার্মানি তাদের গ্রুপে তলানিতে শেষ করায় সেই দৌড় ওখানেই থমকে যায়। ব্রাজিলের এই মহাকাব্যিক জয়যাত্রার মধ্যে রয়েছে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৬ সালের বিশ্বকাপ। এই সুদীর্ঘ ৪ দশকেরও বেশি সময়ের ধারাবাহিকতায় ব্রাজিল ১৯৯৪ এবং ২০০২ সালে তাদের দুটি বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এছাড়া ১৯৯৮ সালে রানার্স-আপ এবং ২০১৪ সালে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে দলটি।
বিশ্বকাপের প্রথম পর্বে ব্রাজিল সর্বশেষ গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছিল আজ থেকে ৪৮ বছর আগে, ১৯৭৮ সালের বিশ্বকাপে। সেবার অস্ট্রিয়ার পেছনে থেকে প্রথম পর্ব শেষ করতে হয়েছিল সেলেসাওদের। এছাড়া ১৯৩০, ১৯৬৬ এবং ১৯৭৪ সালের বিশ্বকাপেও তারা গ্রুপ সেরা হতে পারেনি। অন্যদিকে, ১৯৩৪ এবং ১৯৩৮ সালের বিশ্বকাপগুলো সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় সেগুলোতে কোনো গ্রুপ পর্বই ছিল না।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ