সর্বশেষ সংবাদ :

নিধন হচ্ছে দেশি মাছ, হুমকিতে জীববৈচিত্র: সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, একজনের কারাদণ্ড

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং এ জাল ব্যবহারের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি চায়না জাল ব্যবহারে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। মারা পড়ছে দেশ জাতের রেণু পোনা।
সোমবার দুপুরে সিংড়া পৌর শহরের সরকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য সুরক্ষা আইন অমান্য করে চায়না দুয়ারি জাল বাড়িতে মজুদ ও জাল দিয়ে মাছ ধরার অপরাধে শহিদুল ইসলাম (৩৫) ও একাক্বর (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা সহ ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপরপক্ষে অভিযুক্ত একাক্বরকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান ও ভাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্মতা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, চায়না দুয়ারি জাল বিলের ছোট বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণি ধবংস করে ফেলছে যা চলনবিলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোন ছাড় নয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ