সর্বশেষ সংবাদ :

বাঘায় জানালা ভেঙে টিসিবির মালামাল ও পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ইউনিয়ন পরিষদের গোডাউনের জানালা ভেঙে টিসিবির মালামাল চুরি করা সহ একজন পুলিশ কর্মকর্তার বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ ও একই ইউনিয়নের দিঘা আঠালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে টিসিবির ডিলার মেসার্স বিল্পব এন্টারপ্রাইজের স্বতাধিকারি আবু তালেব স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নে উপকারভোগী রয়েছে ১ হাজার ৩১১ জন। এদের নামীয় বরাদ্দের মালামাল ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা ছিল। এরমধ্যে ঈদের আগের দিন ৮৬২ জনকে দেওয়া হয়েছে। বাঁকি ৪৫৯ জনকে বুধবার দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে টিসিবি ডিলার দেখেন গোডাউনের জানালা ভেঙ্গে মালামাল চুরি হয়েছে। মালামালের মধ্যে ছিল ৪৫৯ কেজি চিনি, ৪২৫ কেজি ডাল ও ১৮৯ বোতল সয়াবিন তেল।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ পাহারাদার গ্রাম পুলিশ জামাল উদ্দিন বলেন, আমরা কয়েকজন পালাক্রমে ইউনিয়ন পরিষদ পাহারা দিয়ে থাকি। কখন কীভাবে গোডাউনের রাখা মালামাল চুরি হয়েছে, তা বুঝতে পারিনি। বুধবার সকালে গোডাউন খোলার পরে জানা গেছে চুরির বিষয়টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, টিসিবির মালামাল চুরি হওয়ার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি। আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ডিলারকে পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টিসিবির ডিলার আবু তালেব সরকার বলেন, আমাকে ফাঁসানোর জন্য কোন একটি মহল এই কান্ড করেছেন। প্রশাসনের কাছে দাবি, তদন্ত পূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার করা হউক। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান।
এদিকে একই রাতে বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া পাড়া গ্রামে একজন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আশরাফুল আসেকিন রিপন মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি এই মুহুর্তে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদহ ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন। তার স্ত্রী ফেরদৌসী বেগম স্থানীয় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাড়ি থেকে হাতের দুটি স্বর্ণের বালা, একটি স্বর্ণের চেইন ও নকেট এবং এক জোড়া রুপার তোড়া সহ প্রায় ২০ হাজার টাকা নগদ অর্থ চুরি হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


প্রকাশিত: April 10, 2025 | সময়: 3:51 am | সুমন শেখ