সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের শাহমখদুম থানার নওদাপাড়া ছায়ানীড় আবাসিক এলাকায় ভাড়া নেওয়া বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বাড়িটি স্বেচ্ছাসেবক দলের এক নেতা ভাড়া নিয়েছিল বলে স্থানীয়রা জানায়। রোববার সকালে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ফয়সাল বাঁধনের বাড়ি সাহেববাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই স্বেচ্ছাসেবক দলের নেতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আছেন।
ঘটনার পর ফয়সাল বাঁধনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, তার পেটে নাভির সামান্য ওপরে গুলি লাগে। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং পাঁচ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা ধারণা করছেন। প্রাথমিকভাবে উদ্ধার করা গুলিটি পিস্তলের বলে মনে করছেন তারা।
পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সেখান থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গুলির খোসা, ককটেল সদৃশ একটি বস্তু এবং কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে বাসাটি কার নামে ভাড়া নেওয়া হয়েছিল কিংবা সেখানে কারা নিয়মিত অবস্থান করতেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তিনি স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা বলার পরামর্শ দেন।
স্থানীয়রা জানান, পাঁচতলার নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও একটি কক্ষ ব্যবহার উপযোগী ছিল। মূলত সেই কক্ষেই স্বেচ্ছাসেবক দলের ওই নেতা নিয়মিত বসতেন। ঘটনার পর তারা স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, আহত ব্যক্তি সুস্থ হলে তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, ঘটনাটি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।