সর্বশেষ সংবাদ :

গলায় ওড়নার ফাঁস দিয়ে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা

কালাই প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
শনিবার ২০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া (দক্ষিণপাড়া) গ্রামের আনছারের একটি মুরগির খামারের পাশে একটি আমগাছের ডালে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত জাকিয়া সুলতানা ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
গ্রামবাসী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়ি থেকে বের হন জাকিয়া। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খামারের পাশে আমগাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে গলায় পেঁচানো ওড়না কেটে নিচে নামান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহটি পুলিশ পৌঁছানোর আগেই নামিয়ে ফেলা হয়েছিল। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।” এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ