সর্বশেষ সংবাদ :

নগরীতে একটি ভোটকেন্দ্রে ভিডিও করায় দুই যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইমরান আলী (২৬) ও মো. শাহরিয়ার (২৫)। তাদের দুজনের বাড়ি শিরোইল কলোনির কানার মোড়।
ওসি মনিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের সময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুজনই জামায়াতের সমর্থক বলে জানান তিনি।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ