সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

শাহালাল ইসলামঃ

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে মো. সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীরা হেরোইন সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ রাত ৯.৩০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব।

 

চেকপোস্টে তল্লাশিকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামিয়ে আরোহী সিজার আহম্মেদ নয়ন ও আমরুল মৃধাকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা মাদক পরিবহনের কথা স্বীকার করে। এ সময় তারা নিজেদের লুঙ্গি উঁচো করে দুই পায়ের রানে বিশেষ অভিনব কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় রক্ষিত হেরোইনের দুটি প্যাকেট বের করে দেয়। সাক্ষীদের সামনে পলিথিন ব্যাগ দুটি থেকে মোট ১৮৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ২১, ২০২৬ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | Daily Sunshine