রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের ভেলুপাড়া এলাকায় পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীরা জানান, জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণাধীন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র নামঞ্জুর হওয়া মেসার্স আর.বি. রাইস ব্রান অয়েল মিলের কার্যক্রম চালুর লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আপিল আবেদন মঞ্জুরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মসূচী পালন করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি শামীম আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষার স্বার্থে আমরা ২০১৮ সাল থেকে আন্দোলন করে আসছি। ২০২২ সালে মেসার্স আর.বি. রাইস ব্রান অয়েল মিলের মালিক মধু বিশ্বাসের পরিবেশ ছাড়পত্রের আবেদন পরিবেশ অধিদপ্তর নামঞ্জুর করে। পরে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়, ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও তাঁর সব আবেদন প্রত্যাখ্যাত হয়। অথচ গত ১১ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আপিল আবেদন মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের হতাশ করেছে।” মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, “কারখানাটি স্থাপিত হলে সেখান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত বর্জ্যপানি, বিষাক্ত ধোঁয়া, ছাই, গরম পানি ও অন্যান্য শিল্পবর্জ্য এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও বিপর্যয় সৃষ্টি করবে। এটি বায়ু, মাটি, পানি ও শব্দ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “ঘনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষ, গবাদিপশু এবং কৃষিজ ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়বে। মিলের চিমনি থেকে নির্গত ছাই বাতাসের মাধ্যমে ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। ব্যক্তিস্বার্থ ও মুনাফার জন্য ঐতিহ্যবাহী ঈশ্বরদী পৌরসভা ও ছলিমপুর ইউনিয়নের একাংশের মানুষের জীবনযাত্রা, শান্তি ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলা হবে।” এ অবস্থায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আপিল মঞ্জুরের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার, শরিফা খাতুন, তরিকুল ইসলাম, আলহাজ্ব তুহিন হোসেন, দুলাল মন্ডল ও হাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনছারুল হক। আয়োজিত সংবাদ সম্মেলন, মানববন্ধন, ও বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে মেসার্স আর.বি. রাইস ব্রান অয়েল মিলের চেয়ারম্যান মধু বিশ্বাস বলেন, “একটি মহল দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে বাধা দিয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের সময় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠিতভাবে এ প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিবেশ ছাড়পত্র প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল।” তিনি আরও বলেন, “আমি নতুন করে কোনো আবেদন করিনি। পূর্বে নামঞ্জুর হওয়া আপিল আবেদনই পুনর্বিবেচনার আওতায় এসেছে। সেই ধারাবাহিকতায় আমার আপিল আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করা হয়েছে।”