সর্বশেষ সংবাদ :

নাগরিক সেবায় নতুন প্রত্যাশা : আরডিএ’র চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ সুইট

স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের সংবাদ প্রকাশের পর থেকেই রাজশাহী নগরীজুড়ে বিএনপির নেতাকর্মী, শুভাকাক্সক্ষী এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদ সুইটকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আরডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে। নেতাকর্মী, শুভাকাক্সক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার ছবি ও শুভেচ্ছাবার্তা পোস্ট করে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করছেন। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে রাজশাহীবাসীর আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানে নতুন চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখবেন।
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা সুমন আলী বলেন, “সুইট ভাইকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি রাজনীতির মাঠে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। নতুন দায়িত্বে তিনি আরডিএ’র বিভিন্ন সেবার মান উন্নয়ন এবং নাগরিক ভোগান্তি দূর করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে আমাদের বিশ্বাস।”
আরেক বাসিন্দা নয়ন ইসলাম বলেন, “রাজশাহী শহরে দিন দিন জনসংখ্যা ও নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। আমরা আশা করি, আবুল কালাম আজাদ সুইট পরিকল্পিত নগর উন্নয়ন, আবাসন ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে দক্ষতার পরিচয় দেবেন।”
নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট তার প্রতিক্রিয়ায় বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। রাজশাহীবাসীর আবাসন সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে চাই। পাশাপাশি আরডিএ’র নাগরিক সেবার মান উন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এজন্য নগরবাসীর সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই নগর পরিকল্পনা, আবাসন উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং পরিকল্পিত নগরায়ণের দায়িত্ব পালন করে আসছে। নগরীর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আরডিএ’র কার্যক্রমের পরিধিও বৃদ্ধি পেয়েছে। আবাসন প্রকল্প, প্লট বরাদ্দ, ভবন নির্মাণ অনুমোদন, সড়ক উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে ঘিরে নগরবাসীর প্রত্যাশাও অনেক বেশি।
রাজনৈতিক জীবনে আবুল কালাম আজাদ সুইট দীর্ঘদিন ধরে রাজশাহীর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি নেতাকর্মীদের কাছে জনপ্রিয় একজন সংগঠক হিসেবে পরিচিত।


প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ