বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং টেকসই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সম্রাট মোহাই মিনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা, আইটিটিআই, বিসিএসআইআর, ঢাকা।
সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এই সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনী ১০ ও ১১ জুন ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, নিয়ামতপুর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতেও এ প্রদর্শনী সহায়ক হবে।
জনি/শামি